ভোলায় ভাঙা রাস্তায় টমটমে টহল, দুর্ঘটনায় চার বিজিবি সদস্য আহত

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাহিনীর চার সদস্য। তাদের মধ্যে দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির ও সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা।

আহত চার বিজিবি সদস্যের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণ। অপর দুইজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা ব্যারাকে ফিরে গেছেন।

ওসি কামরুল ইসলাম জহির জানান, মনপুরা উপজেলায় নির্বাচনি ডিউটি করছিল নৌবাহিনী ও বিজিবির দুটি টহল দল। বিকেল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় দায়িত্ব পালন করছিলেন তারা। একপর্যায়ে রাস্তার গর্তে পড়ে বিজিবি সদস্যদের বহনকারী টমটম গাড়িটি সামনের চাকা খুলে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চার বিজিবি সদস্য আহত হন। আহতদের দুইজনকে নৌবাহিনীর টহল টিম উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।

দ্বীপ উপজেলা মনপুরার সড়ক জিপ চলাচলের উপযোগী না হওয়ায় সেখানে টমটমে (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার গাড়ি) করে দায়িত্ব পালন করতে হচ্ছে নির্বাচনি দায়িত্বে থাকা বাহিনীকে।