নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ‘টাইম বোমা’ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে, যেটি “টাইম বোমা” ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

এরপর রাত ১টার দিকে ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

বাসের সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে এক যাত্রী তাদের বাসে ওঠেন। সায়েদাবাদ যাত্রী ওঠানোর পর তারা হানিফ ফ্লাইওভারে এসে পুনরায় গাড়ির যাত্রী গণনা শুরু করেন। এ সময় দেখতে পান পেছনের এক যাত্রী গাড়িতে নেই। তার রেখে যাওয়া ব্যাগে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান সুপারভাইজার। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

বিষয়টি ‍সংবাদমাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাসদৃশ বস্তুটি পরীক্ষার পর নিশ্চিত করেছে যে, এটা ‘টাইম বোমা’ ছিল। বোমাটি বিস্ফোরিত হলে বাসে আগুন ধরে যেত ও প্রাণহানিরও আশঙ্কা ছিল।”