বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্র দুটি হলো- বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরী ও স্থানীয়রা। পরে তারা নিজেদের চেষ্টাতেই আগুন নিভিয়ে ফেলে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, “দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।”