অনিয়মের অভিযোগ, নরসিংদীর একটি কেন্দ্রে ভোট বাতিল

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর- ১৩৪) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেওয়া ছিল। এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

মনোহরদী এবং বেলাব উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান।