তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ এ আরাফতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

শপথ নিয়ে তিনি আগের মতোই মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, “আমি যে পদেই থাকি না কেন, মূল যুদ্ধ তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে। পাশাপাশি গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে। আমার লড়াইটা সব সময় ওই জায়গায় থাকে।” এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন।

এ দিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আলোচিত বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। তিনি একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।