ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি প্রথমে শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন, লালন শাহ হলের পাশে দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সহায়তায় সেগুলো উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সকাল ৭টার দিকে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুটি এবং সকাল ৯টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আরও একটি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। সবগুলো একই রকমের। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো।
এ বিষয়ে উপাচার্য আবদুস সালাম বলেন, “উদ্ধার হওয়া বস্তুগুলো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। পুলিশকে বলা হয়েছে। তাদের দিয়ে আরও তল্লাশি চালানো হচ্ছে।”
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “বস্তুগুলো আসলেই ককটেল কি-না তা পরীক্ষা করা হবে। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি।”
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, “ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। উদ্ধার হওয়া বস্তুগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। আর ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”