বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের হার। বাংলাদেশে পরিস্থিতি ততটা ভয়াবহ না হলে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের হার। গত নভেম্বরে শনাক্তের হার ১% এর নিচে থাকলে চলমান জানুয়ারি মাসে তা ৭% পর্যন্ত উঠেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৭.৪%।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত হয়।
শুক্রবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২৩ জন।