ভোলার মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা ও ছেলে নিখোঁজ আছেন। এ ঘটনায় জেলে ট্রলারের সহায়তায় পাঁচ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সব ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

সোমবার সকালে ভোলা ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ট্রলারটি ভাঙ্গারি মাল নিয়ে মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জ যাচ্ছিল। মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এ সময় জেলে ট্রলারের সহায়তায় পাঁচ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নৌ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে যায়। তবে একদিকে রাত, অন্যদিকে তীব্র শীতের কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে বলে জানান নৌপুলিশের পরিদর্শক বিদ্যুৎ কুমার।