ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ব্যাংকক থেকে ছেড়ে আসা ড্রুক এয়ারের একটি ফ্লাইট। কুয়াশায় ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে সেটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।
বিমানবন্দর সূত্র জানায়, ব্যাংকক থেকে ছেড়ে আসা ড্রুক এয়ারের ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করেছে।