বঙ্গবন্ধু টানেলে একসঙ্গে দুর্ঘটনার কবলে পাঁচ গাড়ি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনার কবলে পড়েছে একাধিক যানবাজন। এতে একসঙ্গে পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে তিনটি প্রাইভেট কার ও দুটি মাইক্রোবাস।

দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন। তিনি বলেন, “রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে একই লাইনে থাকা পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এর মধ্যে তিনটি প্রাইভেট কার ও দুটি মাইক্রোবাস।”

পাঁচটি গাড়িই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।