স্থগিত নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এই নির্বাচনে সংসদ সদস্য পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী প্রিজাইডিং অফিসার আসমা খাতুন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১২৪ জন প্রিজাইডিং অফিসার ও ৭০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট ১,৪১২ জন দায়িত্ব পালন করবেন।

এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন পুলিশ সদস্য, সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য, নিরাপত্তায় ১৩টি পুলিশের ভ্রাম্যমাণ দল ও তিনটি স্ট্রাইকিং টিম মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোনো অসঙ্গতি আছে কি-না তা খতিয়ে দেখতে ছয়টি চেকপোস্ট বসানো হয়েছে।

গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের (ঈগল মার্কা) মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ সেদিন স্থগিত করে ইসি। পরে ওই আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুসারে আসনটিতে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত হয়।