বেইলি রোডের গ্রিন কোজি কটেজ অগ্নিকাণ্ডে ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফুন নাহার করিম লাকির মৃত্যু হয়েছে। তার মেয়ে জান্নাতিন তাজরিও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের লাশ শনাক্ত করেন লাকির স্বামী গোলাম মহিউদ্দিন।
মহিউদ্দিন জানান, তার স্ত্রী দাঁতের ব্যথায় ভুগছিলেন। মেয়েকে সঙ্গে নিয়ে তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে স্ত্রী ও মেয়েকে কাচ্চি খেয়ে আসার জন্য বলেছিলেন তিনি। বিলাপের সুরে সেই আক্ষেপই করছিলেন এই স্বজনহারা মানুষটি।
সহকর্মীর মৃত্যুর ঘটনায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গভীর শোক জানিয়েছেন।
বেইলি রোডের ভবনটিতে আগুনের ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৪৬ জনের মৃত্যুর কথা জানা গেছে। মারাত্মক আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
ফায়ার সার্ভিস ভবনটির ছাদ ও বিভিন্ন তলা থেকে বহু মানুষকে উদ্ধার করেছে জীবিত অবস্থায়।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় ‘‘কাচ্চি ভাই’’ রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা লোকজন আতঙ্কে উপরে উঠে যায়। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।