ধানমন্ডির টুইন পিকে অবৈধভাবে চলছে রেস্টুরেন্ট

ঢাকার ধানমন্ডি এলাকার সাতমসজিদ রোডে দৃষ্টিনন্দন স্থাপনা গাউসিয়া টুইন পিক। অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।

সোমবার (৪ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “এটি মূলত ‘এফ’ ক্যাটাগরির ভবন। রাজউক থেকে অফিসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মত রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।”

এদিকে, ভবনটিতে অবস্থিত রুফটপ রেস্টুরেন্ট ভেঙে দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দুপুর থেকে রেস্টুরেন্টটি ভাঙার কাজ শুরু হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলছে রাজউক।

এর আগে, রবিবার রাতে ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অন্তত ৩৫ জনকে আটক করে পুলিশ। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বা যথাযথ অনুমোদন না থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এ দিন উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি, খিলগাঁও এবং পুরান ঢাকায় এ অভিযান চালানো হয়।