ঢাকার বেইলি রোডে ঝটিকা অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় একিউপি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট ব্যবসার কোনো অনুমোদন না থাকায় “নবাবী ভোজ” নামের একটি রেস্টুরেন্টকে সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজউকের নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসাইন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। ১২ জন হাসপাতালে ভর্তি আছেন, যারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভবনটি থেকে কমপক্ষে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
এ অগ্নিকাণ্ডের পর পরই ঢাকার বিভিন্ন ভবনে রেস্টুরেন্ট তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। এরপর থেকে অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ভবনের অগ্নিনিরাপত্তার বিষয়টি।
এর আগে, সোমবার ঢাকার ধানমন্ডি, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অর্ধশত রেস্টুরেন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বেশকিছু রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হয়।