আকাশপথের যোগাযোগ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম। মঙ্গলবার (৫ মার্চ) এক বৈঠকে এ আলোচনা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং।
বেবিচকের উপ-পরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ়করণসহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি, বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুইজনের আলোচনায় উঠে আসে- দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হলে বাণিজ্যিক ও পর্যটন খাতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। বিমান চলাচল চুক্তি নবায়নের বিষয়ে শীঘ্রই একটি কনসালটেশন সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুটি দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে যোগাযোগ সহসাই বৃদ্ধি পাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।