বরিশালে মন্দিরের প্রতিমা ভাঙচুর

বরিশালের গৌরনদী উপজেলায় একটি মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কাপালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মন্দির কমিটির সভাপতি গৌতম দত্ত বলেন, শনিবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মন্দিরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা কালী, শীতলা, রামপ্রসাদ ও সারদা ঠাকুরের প্রতিমা ভাঙচুর করে।

রবিবার সকালে পূজারিরা জানালা ভাঙা দেখে গৌতমকে জানান। ভেতরে ঢুকে তিনি প্রতিমাগুলোকে ভাঙা অবস্থায় পান, জানান গৌতম।

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।