রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্য শহীদুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় মামলাটি করেন।

দুপুরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় ২০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় পুলিশ এরই মধ্যে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি সোমেন দাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এবং সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। পরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, “অন্য আসামিদেরও আটকের জন্য পুলিশি অভিযান চলছে।”

গত বুধবার রাতে রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানার কয়লাভিত্তিক ১,৩২০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাটেরিয়াল ইয়ার্ডে একদল অস্ত্রধারী লোক ডাকাতি করতে এসে বাধা পেয়ে সেখানকার আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।