চলছে গ্রীষ্মের তাণ্ডব। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সবমিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
এই তীব্র গরমে ঢাকায় সাধারণ পথচারীদের স্বস্তি দিতে সুপেয় পানির ব্যবস্থা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তার আন্তরিক উদ্যোগে ডিএমপির ১৬ হাজার লিটার ধারণক্ষমতার ওয়াটার ট্যাংকারের মাধ্যমে সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে।
গরমে প্রতিদিন মতিঝিল শাপলা চত্বর, পল্টন, গুলিস্তান মাজার, পুরাতন হাইকোর্ট ভবনের সামনে, ঢাবি টিএসসি, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, ফার্মগেট বাসস্ট্যান্ড, সবশেষে কাওরান বাজারে পানি বিতরণ করবে ডিএমপি।
ডিএমপি মিডিয়া উইংয়ের এডিসি কে.এন.রায় নিয়তি ঢাকা ট্রিবিউনকে বলেন, “তীব্র তাপপ্রবাহ যতদিন চলবে, ততদিন এই কার্যক্রম চলবে।”
ডিএমপি নিউজ জানায়, ইউনিটের পরিবহন এবং ওয়ার্কশপ শাখা থেকে দুইজন আলাদা পিকআপ নিয়ে ট্যাংকারের সঙ্গে থাকবেন। পথচারীদের স্বস্তিতে পানি পান করার জন্য তারা ছাতা নিয়ে বিভিন্ন পয়েন্টে সহায়তা করবেন।
এছাড়া ডিএমপি কমিশনারের নির্দেশে গত শনিবার থেকে মহানগরের বিভিন্ন পয়েন্টে সাধারণ জনগণ, পথচারীদের মাঝে সুপেয় পানি ও ওরস্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ, যা অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার।