ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত

ধানমন্ডিতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মোছা. সোহানা (১৮) নামে এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৯/এ সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন ওই বাড়ির গাড়িচালক রাজিব বিশ্বাস ও গৃহকর্ত্রী ডা. সামিরা। সামিরা তিনি গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক।

সোহানা প্রায় সাড়ে তিন বছর ধরে তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন বলে জানানা ডা. সামিরা।

তিনি বলেন, সন্ধ্যার দিকে সে ছয়তলার ছাদে গিয়েছিল। তখন বাসার লোকজন দেখতে পায়নি। হঠাৎ শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখতে পান, একটি মেয়ে ভবনের নিচতলায় গুরুতর অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে হাসপাতালে আনা হয়।

সোহানা অসাবধানতার কারণে পড়ে গেছেন, নাকি ঝাঁপ দিয়েছেন- তা তারা জানেন না বলে দাবি করেন এই চিকিৎসক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত গৃহকর্মী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। 

চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, আহতের অবস্থা গুরুতর। 

গৃহকর্মী সোহানার গ্রামের বাড়ি সিলেটে। ধানমন্ডি ৯/এ সড়কে সফটওয়্যার প্রকৌশলী আওলাদ ও চিকিৎসক সামিরা দম্পতির বাসায় কাজ করেন তিনি।