যৌন হয়রানি: বরিশালে শিক্ষক চাকরিচ্যুত

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বরিশাল নগরীর হালিমা খাতুন গার্লস হাইস্কুলের এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। যদিও ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। তবে কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে বরখাস্ত করেছে বলে জানিয়েছে স্কুল সূত্র।

সূত্র জানায়, গত ৬ মে শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির একাধিক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ জানায় প্রধান শিক্ষকের কাছে। এর আগেও মাইদুলের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণির একাধিক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ তুলেছিল। সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

যার পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে ডেকে বরখাস্ত করে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম ও শিক্ষক শেখ জেবুন্নেসা জানান, তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব তথ্য তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মাইদুলের ফোনে কল করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। এ বিষয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে বলেন প্রতিবেদককে।

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সই করা এক নোটিশে হালিমা খাতুন গার্লস হাইস্কুলের খণ্ডকালীন শিক্ষক মাইদুল ইসলামকে ৯ মে থেকে বিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

নোটিশে বিদ্যালয় সংক্রান্ত যেকোনো বিষয়ে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ না করতেও বলা হয়।

স্কুল ম্যানেজিং কমিটির মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, স্কুল কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার পাশাপাশি এ বিষয়ে আইনি পদক্ষেপও নেবে।