ধূমপানকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তত আটজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
রবিবার (১২ মে) রাতে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন সেশনের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ সেশনের রাকিব মুন্সী এবং একই বিভাগের ২০২২-২৩ সেশনের সালেহ মীর।
শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে ধূমপান করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটকে রাখে। খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে যায় তার সহপাঠীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এ ঘটনায় ৮ জন শিক্ষার্থী আহত হয়।
পুলিশের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম ঢাকা ট্রিবিউনকে বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি তারা যেন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়।”
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।