ফরিদপুরে অবৈধভাবে তৈরি হতো অবিকল ওরস্যালাইন

ফরিদপুরে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) নামে নকল খাওয়ার স্যালাইন তৈরি কারখানার সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে অবৈধ কারখানাটিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে। নকল পণ্য উৎপাদনের দায়ে কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ মে) রাতে ফরিদপুর সদরের কানাইপুরে রুপা ফুড প্রডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রডাক্টস নামে প্রতিষ্ঠানটি নকল খাবার স্যালাইন তৈরি করে আসছিল। স্যালাইনের মোড়ক হুবহু এসএমসির মতো। প্যাকেটে মেয়াদও ঠিকমতো লেখা নেই। এছাড়াও, সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি ও প্যাকেটজাত করা হয়। 

এসব অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানা ও গোডাউন সিলগালা করে দেন এবং তাদের দুই লাখ টাকা জরিমানা করেন। আদালতকে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। সরেজমিন অভিযানে সেখানে দুই লাখেরও বেশি নকল স্যালাইনের প্যাকেট পাওয়া গেছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা এবং গোডাউন ও কারখানা সিলগালা করে দেওয়া হয়।