এ বছরের ১ জুলাই থেকে পানির দাম ১০% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।
বুধবার (২৯ মে) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মূল্যস্ফীতির সমন্বয় করা হয়েছে।
এর মধ্য দিয়ে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১,০০০ লিটার পানির দাম ১৬.৭০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫.১৮ টাকা।
অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬.২০ টাকা, যা আগে ছিল ৪২ টাকা।
২০২২ সালের জুলাইয়ে পানির দাম ৫% বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল নতুন দাম।
পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২২ নম্বর ধারার ১ নম্বর উপধারায় বলা আছে, কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবার জন্য আরোপিত অভিকর বা চার্জ প্রত্যেক বছরে একবার সংশোধন করা যাবে।
একই ধারার ২ নম্বর উপ ধারায় বলা আছে, উপ-ধারা-১ এ যা কিছুই থাকুক না কেন, মূল্যস্ফীতির কারণে পরিচালনা ব্যয় বাড়লে অতিরিক্ত ব্যয় বহনের প্রয়োজনে কর্তৃপক্ষ, বোর্ডের অনুমোদনক্রমে, উক্ত অভিকর বা চার্জ প্রতি অর্থ বছরে একবার অনধিক ৫% পর্যন্ত সমন্বয় করতে পারবে।
২০১৭ সালে ঢাকা ওয়াসা আবাসিক পর্যায়ে পানির দাম ১০ টাকা থেকে ৫% বাড়িয়ে ১০.৫ টাকা এবং বাণিজ্যিক সংযোগে ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৩.৬ টাকা করে। এরপরে ২০১৮ ও ২০১৯ সালে প্রতি বছর ৫% হারে বাড়ানো হয় পানি ও পয়ঃসেবার বিল।
পরবর্তীতে ২০২০ সালের ১ এপ্রিল থেকে গ্রাহক পর্যায়ে আবাসিক সংযোগে ১১.৫৭ টাকা থেকে ২৫% বাড়িয়ে ১৪.৪৬ টাকা এবং বাণিজ্যিক সংযোগে ৩৭.০৪ টাকা থেকে ৮% বাড়িয়ে ৪০ টাকা করা হয়।