হিজড়াদের ছোড়া ইটে এসআইয়ের চোখ হারানোর শঙ্কা

ঢাকার পরীবাগে হিজড়াদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

শনিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় পরীবাগ এলাকায় মো. মোজাহিদ নামে ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর আহত মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় কর্মরত রয়েছেন। পুলিশের ভাষ্য, এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় ডিউটি করছিল। এসময় হিজড়াদের একটি দল রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করে।

সে সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের শুরু করে। এসময় একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। এতে চশমার কাচ ভেঙে মোজাহিদের চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, “হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।”

তিনি বলেন, “এর মধ্যে একটি ইট এসআই মোজাহিদ চোখে লাগে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত পান তিনি।”

চিকিৎসকের বরাতে ওসি বলেন, “শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে।”