ভোলায় ‘টেবিলে রাখা পিস্তল থেকে গুলি’, এএসআই আহত

ভোলার পূর্ব ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

টেবিলের ওপর রাখা পিস্তল থেকে  অসাবধানতায় গুলি বের হয়ে ওই এএসআই আহত হন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৩ জুন) বিকেলের দিকে নৌ-থানার ভেতরে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মোক্তার হোসেনকে তাৎক্ষণিকভাবে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শারীরিক অবস্থার অবনতি হলে ওই এএসআইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোক্তার হোসেন পূর্ব ইলিশা নৌ-থানায় প্রায় দুই বছর ধরে কর্মরত আছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

ঘটনার সময় নৌ থানায় ৮ জন পুলিশ সদস্য  ছিলেন। মোক্তার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওযার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আহত হলে তাকে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুইজন কনস্টেবল বরিশাল গেছেন। বাকি ৫ জন থানায় আছেন।

এই ঘটনা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট থানার ওসি বিদ্যুৎ বড়ুয়াকে একাধিকবার মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সন্ধ্যার দিকে পূর্ব ইলিশা সদর নৌথানা পরিদর্শন করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার।

এসময় তিনি সাংবাদিকদের জানান, নৌথানার এএসআই মোক্তার হোসেন ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় মিস ফায়ার হয়ে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী কেউ থানায় না থাকায় এর বেশি কিছু জানা যায়নি।

তবে ঘটনাটি অধিকতর তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।