গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোরী গৃহপরিচারিকাকে (১৪) ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম ফরহাদ উজ্জামান (৩৮)।

শনিবার (২৯ জুন) রাতে শ্রীপুর পৌরসভার মার্কাজ মসজিদ সড়ক (কাঁচা বাজার) এলাকার নিজ বাসার চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ভুক্তভোগীর মা চিকিৎসকের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার চিকিৎসক ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌরসভার মার্কাজ মসজিদ সড়ক (কাঁচা বাজার) এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। তিনি জানান, রবিবার বেলা সাড়ে ১১টায় তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

ধর্ষণের শিকার ওই কিশোরী ময়মনসিংহ জেলার বাসিন্দা। তার বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সে তার বাবা-মায়ের সঙ্গে শ্রীপুরে ভাড়া বাসায় থেকে ওই চিকিৎসকের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২১ জুন সকাল সাড়ে ৬টায় অভিযুক্ত চিকিৎসক ফরহাদ তার বাসার গৃহপরিচারিকাকে নিজ চেম্বারে নিয়ে আগের ধারণ করা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুনরায় ধর্ষণ করেন। পরবর্তীতে কিশোরীর মা বিষয়টি জানতে পেরে তাকে আসামির বাড়ি থেকে নিয়ে যায়।

ওই কিশোরীর মা ঢাকা ট্রিবিউনকে বলেন, “গত দুই মাস আগে ওই চিকিৎসকের সঙ্গে আমার পরিচয় হওয়ার পর সে আমার মেয়েকে তার বাসায় কাজ করার জন্য বলে। পরে আমি মেয়ের বাবার সাথে পরামর্শ করে তার বাসায় মেয়েকে কাজ করার জন্য দিয়ে আসি। কয়েকদিন পর আসামি আমার মেয়েকে ধর্ষণ করে এবং ওই ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে।”

তিনি আরও বলেন, “বিষয়টি মেয়ে আমাকে জানালে চিকিৎসকের বাসা থেকে মেয়েকে নিয়ে আসি। এরপর অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন দিয়ে মেয়েকে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শনিবার সকালে আমার এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের আপত্তিকর ভিডিও দেখতে পেয়ে ফোন করে জানায়। পরে আমি ওই দিন সন্ধ্যায় থানায় এসে লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ঢাকা ট্রিবিউনকে জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা অভিযুক্ত চিকিৎসক ফরহাদ উজ্জামানের বিরুদ্ধে মামলা করলে রাতেই তাকে তার বাসার চেম্বার থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিকে আদালতে পাঠানো হবে।