নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি আদালতের নির্দেশে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার ওই বাড়িটি জব্দ করে।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২২ সালের দিকে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটিতে ২৪ কাঠা অর্থাৎ ৩৯.৯০ শতক জমির ওপর বাড়িটি নির্মাণ করা হয়। বাংলো বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। এটির মালিকানা রয়েছে সাবেক আইজিপি বেনজীরের কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে। সে তালিকায় এ বাংলোটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত।