সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে

সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছ।

মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিতে সব গ্রেডে ৯৩% নিয়োগ মেধার ভিত্তিতে, বাকি ৫% মুক্তিযোদ্ধা কোটা, ১% প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা এবং ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় নিয়োগ হবে। মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য প্রযোজ্য হবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে।


এর আগে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকার যে পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ মেধার ভিত্তিতে কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। বাকি ৫% মুক্তিযোদ্ধা কোটা, ১% প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা এবং ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নির্বাহী বিভাগ কোটা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে পারবে বলে আদেশে জানিয়েছেন আদালত।

 

সরকারের পক্ষে করা আপিল শুনানিতে গত ২১ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।

এর আগে, হাইকোর্ট থেকে সরকারের পরপত্র অবৈধ ঘোষণার পর কোটা সংস্কারের দাবিতে "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। যে আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রুপ নেয়। আন্দোলনকারী, সরকার সমরর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঘটে প্রাণহানির ঘটনা। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ কারফিউ জারি করে। করা হয় সেনা মোতায়েন। নির্বাহী আদেশে ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।