মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
এ সময় তার সঙ্গে আরও দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।
ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, “আমরা শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে যে বিজয় অর্জন করেছি এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বিজয়কে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে এবং নানা ধরনের পরিকল্পনা করছে। আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই দেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করতে এবং এক নতুন বাংলাদেশ গঠনে সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে মুক্তিকামী ছাত্র জনতা সদা প্রস্তুত।”
সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়েও তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের ঘটনা রুখে দিতে আমাদের সদা সতর্ক থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। কেউ যেন আমাদের আন্দোলনকে নস্যাৎ করে দিতে না পারে।”
সোমবার রাতে রাষ্ট্রপতি অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার ঘোষণা দিলেও এখনও “ফ্যাসিস্ট হাসিনার” জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়নি- অভিযোগ করে নাহিদ বলেন, “বিকেল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে না দিলে, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা জাতির উদ্দেশে বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেছি। এছাড়াও অন্যতম উপদেষ্টাসহ সরকারের রূপরেখা আমাদের প্রস্তুতি রয়েছে। শিগগিরই জাতির সামনে সেই রূপরেখাটি উপস্থাপন করব।”
তিনি বলেন, “আমরা জাতীয় স্থিতিশীলতা চাচ্ছি, সামাজিক ন্যায়বিচার চাচ্ছি। সেজন্য কিছু পদক্ষেপ নিতে হবে, সেটির জন্য প্রথম পদক্ষেপ হবে জাতীয় সংসদ ভেঙে দেওয়া। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সদা সতর্ক থাকুন।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে।
দেশ ছাড়ার পর প্রথমে ভারতে যান শেখ হাসিনা। সেখান থেকে তার গন্তব্য কোথায় সেটি এখনও জানা যায়নি।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অন্যদিকে, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের মতো করে অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা তুলে ধরেছেন। যেখানে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার দাবি জানিয়েছেন সমন্বয়করা।
এদিকে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের দেশের বিভিন্ন জায়গায় থানা, সরকারি অফিস ভবন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় মারা গেছেন বেশ কয়েকজন।