ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার (১২ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে সড়কপথে সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক, সাভার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দ, সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম ও আশুলিয়া থানা-পুলিশের কর্মকর্তারা।
এর আগে ১০ আগস্ট বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।