কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড়ধসে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সেগুনবাগিচা এলাকার মো. সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), শিশুকন্যা ময়না (১৩) ও তোহা (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।
তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “শনিবার রাতভর ভারি বৃষ্টিপাত হয়েছে। এ কারণে রাত ৩টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা যান।”
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।