প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন তিনি।
রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছেন। এটি প্রাথমিকভাবে ভেবেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন।
তথ্য উপদেষ্টা বলেন, “সেন্সর বোর্ড, জুরি বোর্ডসহ এই ধরনের যে কমিটিগুলো রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত।”
চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের তরুণ প্রজন্মের চলচ্চিত্র থেকে অনেক আকাঙ্ক্ষা। তরুণ প্রজন্মের সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে।”
সাইবার নিরাপত্তা আইন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করবেন।
সাগর-রুনি হত্যার বিচার সরকার দ্রুত সময়ের মধ্যে চাইছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে কোন ধরনের প্রহসন, টালবাহানা চাচ্ছি না।
নিজের ছবি কম প্রচার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।