উপদেষ্টার নির্দেশে গাজীপুরে দখলমুক্ত হলো বনভূমি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এ সময় পরিবেশ উপদেষ্টা র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

প্রসঙ্গত, ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সবার সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।