বন্যাকবলিত ফেনী ও কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৩টি স্পিডবোট। এসব স্পিডবোট স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আরও তিনটি স্পিডবোট এবং চালকসহ উদ্ধারকারী দলসহ বুড়িচং উপজেলায় পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জ কার্গো ঘাট থেকে তিনটি স্পিডবোট ট্রাকে করে বুড়িচং পাঠানো হয়েছে। এসব স্পিডবোটে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি দেওয়া হয়েছে। সহায়তার সুবিধার্থে এই তিনটি স্পিডবোট ড্রাইভারের নাম ও মোবাইল নম্বরও জানানো হয়েছে।
চালকদের নাম ও নম্বর যথাক্রমে- মো. লাদেন: +৮৮০১৩০০৫৩৬৩২৯, মো. বিশাল: +৮৮০১৯৯৬৫১১৩৭৯ এবং মো. সাব্বির: +৮৮০১৭৪৩০৭৬১০৪।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, এসব বোটের সঙ্গে ৪০০ লিটার অকটেন, ১৬ লিটার মবিল দেওয়া হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার বা ভুরভুরিয়া বাজার থেকে তারা কার্যক্রম শুরু করবেন। রাত ১১টা নাগাদ তারা নির্ধারিত স্থানে পৌঁছানোর সম্ভাব্য সময় জানানো হয়েছে।