বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তির ওপর জুলুম নির্যাতনের অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্দোলন দমনে ব্যবহার করতে দেখা গেছে পেশীশক্তির। বিভিন্ন খাতে উঠেছে বিস্তর দুর্নীতির অভিযোগও। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর এসব নির্যাতন ও দুর্নীতির আরও অসংখ্য তথ্য-উপাত্ত সামনে আসতে শুরু করেছে। এবার এসব নির্যাতন, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিভিন্ন ঘটনা তুলে ধরবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেলটিতে শিগগিরি “ফ্যাসিবাদের দিনলিপি” ও “নিপীড়নের গল্প” শিরোনামে দুটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। এ দুটি অনুষ্ঠানেই তুলে ধরা হবে এসব নির্যাতন ও দুর্নীতির তথ্য।
সম্প্রতি বিটিভির ফেসবুক পেজে অনুষ্ঠান দুটির প্রোমো প্রকাশ করা হয়। এরপরই প্রোমো দুটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
৩১ আগস্ট রাতে আপলোড করার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত “ফ্যাসিবাদের দিনলিপি” অনুষ্ঠানটির প্রোমো দেখা হয়েছে প্রায় ৭ লাখ বার। অন্যদিকে, “নিপীড়নের গল্প” অনুষ্ঠানটির প্রোমোটি দেখা হয়েছে ১৬ লাখেরও বেশিবার।