চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১২ শ্রমিক।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকার এসএন করপোরেশন নামে শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন– জাহাঙ্গীর (৪৮), আহমাদুল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আল আমিন (২৩), কারিমুল (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০) ও সাইফুল (৩০)।
ডা. রফিক জানান, “চিকিৎসাধীন জাহাঙ্গীরের শরীরের ৭০, আহমদ উল্লাহর ৯০, কাশেমের ৩৫, সাগরের ২৫, আল আমিনের ৮০, মইনুলের ৮০, হাবিবের ৪০, বরকতের ৫০, আনোয়ারের ২ এবং রফিকের ১০ শতাশ পুড়ে গেছে।
সীতাকুণ্ড থানার ওসি কামালউদ্দিন বলেন, “শনিবার সকাল সাড়ে ১২টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।”
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।