রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সংবাদকর্মী ফারদিন আলম।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন ঢাকা ট্রিবিউনের জুনিয়র মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফারদিন আলম। এ সময় শিক্ষার্থীদের ছোঁড়া ইট এসে তার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সহকর্মী ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।