সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে ঢাকার বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহিদ ফারুক ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০১৮ সালে তিনি বরিশাল ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় আগের দায়িত্বেই বহাল থাকেন।