অফিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৩ গার্মেন্টসকর্মীর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসে থাকা অধিকাংশ যাত্রী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কর্মীদের নিয়ে কারখানায় যাচ্ছিল।

নিহত তিনজন হলেন- বীথি আক্তার (৩০) ফুলি বেগম (২৫) ও  সাবিনা আক্তার (২৮)।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, দুর্ঘটনাকবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে আছে। গুরুতর আহত ২০ জনের মধ্যে পারভিন আক্তার, রেহেনা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার ও সাথি আক্তারকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, এই ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগেই তিন নারী গার্মেন্টকর্মী মারা গেছেন।