রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন

সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এর আগে, গত বছরের ৬ এপ্রিল তাকে একবার জামিন দিয়েছেলিলেন আদলত। ততে মুক্তির আগেই রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সেই জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১,১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবনমালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।