নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান

নভেম্বরের শুরু থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

শনিবার (৫ অক্টোবর) ঢাকার শান্তিনগর বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এজন্য পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিলে টিম গঠন করা হবে। জনগণের সহযোগিতায় সরকার পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করবে। পলিথিন শপিং ব্যাগ পুরোপুরি বন্ধ করতে হলে ক্রেতা ও বিক্রেতাদের পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।

ফাইল ছবি: কাপ্তানবাজার থেকে তোলা ছবি

সচিব বলেন, “গত ২২ বছর ধরে পলিথিন ব্যবহার চলছে, যা সঠিক নয়। পলিথিনের কারণে ক্যান্সার ও লিভারসহ অন্যান্য অসুখের ঝুঁকি বাড়ছে। জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে হবে। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে হলে সরকারি বিধিনিষেধ মানতে হবে। বিক্রেতা ও ক্রেতাদের পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”

শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, উপসচিব সিদ্ধার্থ শংকর কুণ্ডু, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন ফকির।

সভা শেষে সচিব ও বাজার কমিটির নেতারা শান্তিনগর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং বিকল্প পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়ানোর জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করেন।