ফরিদপুরে মদ্যপানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তরুণীদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।
মৃতদের মধ্যে একজন স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী। তিনি মাগুরা জেলার সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক শিক্ষার্থী। তিনি ফরিদপুরের রতন কুমার সাহার মেয়ে।
মৃতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজের ওই ২ শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড়ের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা।
তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা জানান, ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, “সকালে ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে জানানো হয়, দুই নারীর মদ্যপানে মৃত্যু হয়েছে। মৃত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হন। রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের সঙ্গে একই বাসায় থাকা বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই দুইজনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে।”