বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নিচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
রবিবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনেরা ছোটাছুটি শুরু করেন। অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিস বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “সকাল ৯ টা ৫০ মিনিটে আমরা আগুন লাগার খবরে ঘটনাস্থলে আসি। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। কিভাবে আগুন লাগছে সেটি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে আগুন নেভাতে আমাদের আটটি ইউনিটের সদস্যরা কাজ করছে। হাসপাতালের যেখানে রোগীরা থাকে সেখানে এই আগুন নেই। আগুনের ধোঁয়া সর্বত্র ছড়িয়ে পড়ায় একটু আতঙ্ক রয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”
এদিকে আগুন লাগার খবর শুনে রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা যায়। এতে অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে চলে আসেন।