গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তেলিহাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রামাণিক বাড়ির পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে।
ওই কবরস্থানে দাফন করা মৃতদের স্বজনরা জানান, কবরস্থান থেকে হজরত আলী মুন্সির ছেলে আলি হোসেন, তার স্ত্রী হালিমা, মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান, ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান ও আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম রাজিব জানান, শনিবার সকালে তিনি ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাঁচটি কবর খোঁড়া দেখতে পান। এরপর তিনি স্বজনদের খবর দেন।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল সরকার জানান, সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খোঁড়া দেখতে পান তিনি।
এদিকে, এ ঘটনার তিন দিন আগে পাশের মৃধা বাড়ির পারিবারিক কবরস্থান থেকেও তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিন দিনের ব্যবধানে দুটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, স্থানীয় এক স্বাস্থ্য পরিদর্শকের মাধমে তিনি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।