ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ৩ শিশুর মধ্যে ২ শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডে। তাদের নাম- মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। তারা ২ জন সম্পর্কে আপন বোন। তাদের বাবা মো. হোসেন প্রবাসে থাকেন।
অপর শিশুর নাম রাফিয়া আক্তার (১০)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মারজিয়া এবং রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। গত বৃহস্পতিবার মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
মৃত ৩ শিশুর পরিবার জানান, সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে পুকুরের ঘাটে গিয়ে দেখা যায় মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের জামাকাপড় ঘাটে পরে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ফেলে। এরপর একের পর এক জালে শিশু তিনটির মরদেহ ভেসে ওঠে।
শিশু তিনটির এক নিকটাত্মীয় জানান, জালে প্রথমে মিমের মরদেহ ভেসে ওঠে। এর ১০ মিনিট পর মারজিয়ার মরদেহ এবং ৩০ মিনিট পর রাফিয়ার মরদেহ ভেসে ওঠে। তারা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে কোনো চিকিৎসক এর কাছে নেয়া হয়নি।