কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁসারিপট্টি এলাকায় মাদক কারবারিরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়ি ভাঙচুর করেছে। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। তারা কাঁসারিপট্টি এলাকাটিকে মাদকের আখড়া হিসেবে ব্যবহার করতো। এ নিয়ে কাঁসারিপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাদক কারবারিদের ২৫-৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাঁসারিপট্টি এলাকায় হামলা চালায়।
এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ ও রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় মাদক কারবারিরা।
এ সময় ওই এলাকার তোফায়েল আহমেদের কলেজ পড়ুয়া ছেলে রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
স্থানীয়রা অভিযোগ করেন, মৌলভীপাড়া এলাকার জুম্মনের নেতৃত্বে এ হামলা হয়। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী ও কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী বলে জানা যায়।
আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি এই হামলার বিচার দাবি করেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদল কর্মী। সে অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।