ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৩টি স্থানে ন্যায্য মূল্যে ডিম পাওয়া যাবে। রবিবার থেকে এসব ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
শনিবার (৯ নভেম্বর) ঢাকার বিএফডিসিতে ‘‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
আলীম আখতার খান বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭টি ও উত্তর সিটি কর্পোরেশনের ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।”
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও জানান আলিম আখতার খান। আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, “বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) স্থানগুলোয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাপ্তান বাজার, নিউমার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাং রোডসহ ১৩টি কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হবে। এর সার্বিক দায়িত্বে থাকবে দুই সিটি কর্পোরেশন।
এর মধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন ৬ লাখ ৫০ হাজার করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট ৭ লাখ ডিম সমানুপাতিক হারে বণ্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে।