সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে খাদে, আহত ১০

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চান্দের গাড়ি (জীপ গাড়ি) উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চান্দের গাড়ি করে একদল পর্যটক সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরার পথে হাউস পাড়া এলাকার সড়কে উল্টে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ১০ পর্যটক আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের মধ্যে- জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামের পর্যটকদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ি খাদে পড়ে গেলে গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানা গেছে।”