দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরাঞ্চলে টানা চতুর্থ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে তীব্র ঠান্ডায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন।

আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকবে বলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। কাজ করতে না পারায় তাদের দুর্ভোগ বেড়েছে। এছাড়া ঠান্ডা আবহাওয়ার কারণে শীতজনিত অসুস্থতার প্রকোপ বেড়েছে।

সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা হলে হালকা শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।