পদ্মা সেতু রুটে ট্রেন চলবে ২৪ ডিসেম্বর থেকে, পৌনে ৪ ঘণ্টায় ঢাকা-খুলনা

ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এরমধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল রুটে নতুন ৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। খুলনা যেতে পৌনে ৪ ঘণ্টা এবং বেনাপোল যেতে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় লাগবে।

বুধবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নতুন এই ৪টি ট্রেন উদ্বোধন করবেন।

রেলওয়ে জানিয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘‘জাহানাবাদ এক্সপ্রেস’’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘‘রূপসী বাংলা’’ এক্সপ্রেস সাপ্তাহিক ১ দিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে।

এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমছে। নতুন চালু করা এ ট্রেনে মাত্র পৌনে ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছানো যাবে। যা বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে।

নতুন ট্রেনের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) খুলনা থেকে ভোর ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এবং ৮২৬ নম্বর ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।

২টি ট্রেনেরই সাপ্তাহিক বন্ধের দিন থাকবে সোমবার। এবং ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে।